মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৪৫০ জন সুবিধাবঞ্চিত মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক দাতাসংস্থা ইসলামিক রিলিফ (ইউএসএ) ও ওসমান কনসালটিং ইউকে এ আয়োজন করে।
এ উপলক্ষে রবিবার শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন। সোশ্যাল এইডের জেলা সমন্বয়কারী এস এ হামিদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোশ্যাল এইডের ডিরেক্টর ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন মো. আলী, নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার বাবুল আক্তার এবং উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকীসহ অন্যরা।
আয়োজকরা জানান, প্রথম দিনে সাড়ে চারশ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রমজানজুড়ে পর্যায়ক্রমে উপজেলার মোট ১ হাজার ৪২০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হবে।
প্রতিটি প্যাকেজে রয়েছে ২৫ কেজি চাল, ৩ কেজি মসুর ডাল, ৫ লিটার সয়াবিন তেল, ২ কেজি ছোলা, ৩০টি ডিম, ২ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ কেজি গুঁড়া দুধ, ২ প্যাকেট সেমাই ও ১ কেজি খেজুর।
বিডি-প্রতিদিন/এমই