শেরপুর ও জামালপুরের সাংবাদিকদের নিয়ে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শেষ হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হয়।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে শেরপুর জেলা প্রশাসনের তুলশীমালা ট্রেনিং সেন্টারে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
এ সময় তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের মাধ্যমে যেন কোনো ধরনের বিচ্যুতি না ঘটে, সে লক্ষ্যেই পিআইবি সাংবাদিকদের প্রশিক্ষিত ও আইন-কানুন সম্পর্কে আরও দক্ষ করে তুলতে এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করেছে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমকর্মীদের দায়িত্ব ও কর্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা সঠিকভাবে পালনে সবাইকে সচেতন ভূমিকা রাখতে হবে।
প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, এটিএন বাংলার চিফ রিপোর্টার একরামুল হক সায়েম এবং ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার বাহারাম খান।
এ ছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল ও কার্যকরী সভাপতি রফিক মজিদ।
প্রশিক্ষণে নির্বাচনকালীন রিপোর্টিংয়ের প্রয়োজনীয়তা ও এর সামাজিক প্রভাব, নির্বাচনকালীন সংবাদ পরিবেশনে সাংবাদিকদের করণীয় ও বর্জনীয়, সাংবাদিকতার নীতিমালা, নির্বাচন কমিশনের নির্দেশনা এবং প্রাসঙ্গিক আইন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে শেরপুর ও জামালপুর জেলায় কর্মরত মোট ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/হিমেল