খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দকৃত অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার খাগড়াছড়ি জেলা পরিষদের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে এসব চেক বিতরণ করা হয়।
চেক হস্তান্তর করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন। এ সময় শিক্ষার্থীদের শিক্ষা সহায়তায় ১১৯ জনকে ২৭ লাখ ৬০ হাজার টাকা, চিকিৎসা সহায়তায় ১১ জনকে ৯ লাখ ৫৫ হাজার টাকা, জীবনমান উন্নয়ন, আত্মকর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণ ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে জিআর খাত থেকে ৬৩ জনকে ১ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকা এবং শিক্ষা ও সংস্কৃতির সার্বিক উন্নয়নে ৭ জনকে ৮ লাখ ৪০ হাজার টাকা প্রদান করা হয়। সব মিলিয়ে মোট ১ কোটি ৭৫ লাখ ৫ হাজার টাকার অনুদান বিতরণ করা হয়।
চেক হস্তান্তর অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য প্রফেসর আব্দুল লতিফ, লিটন মনি চাকমা, মো. মাহবুবুল আলম এবং জনসংযোগ কর্মকর্তা চিংলা মং মারমা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল