চাঁপাইনবাবগঞ্জে ইস্টার সানডে উদযাপন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আজ রবিবার সকাল ৭ টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা লুথারেন মিশন গির্জায় ইস্টার সানডের বিশেষ প্রার্থনা ও উপাসনার আয়োজন করা হয়। বিশেষ প্রার্থনার আয়োজন করে বাংলাদেশ নর্দান ইভানজেলিক্যাল লুথারেন চার্চ (বিএনইএলসি) ও আমনুরা লুথারেন মিশন। বিশেষ প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেন বিএনইএলসি রাজশাহী সার্কেল পাস্টর রেভারেন্ড রাজেন সরেন ও মন্ডলী পাস্টর সনাতন সরেন এবং সহযোগিতা করেন আমনুরা মিশন লুথারেন চার্চ এর পালক ডেভিড ধনাই হেমব্রম।
এই অনুষ্ঠানে আমনুরা লুথারেন মিশন, মির্জাপুর, জলাহার, ঝিনাইখোর, বড়বন, চান্দলাই গ্রামসহ অন্যান্য জায়গা হতে প্রায় চারশতাধিক খ্রিস্টভক্তগণ অংশগ্রহণ করেন। বিশেষ প্রার্থনা শেষে সকল খ্রিস্টভক্ত আনন্দ কীর্তন করেন।
আমনুরা লুথারেন মিশন গির্জা ও কবরস্থান উন্নয়ন কমিটির সদস্য ও উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম এর তথ্য ও প্রচার সম্পাদক প্রদীপ হেমব্রম জানান, আমনুরা লাুথারেন মিশনটি চাঁপাইনবাবগঞ্জ জেলার ঐতিহ্যবাহী প্রাচীন খ্রিষ্টান প্রতিষ্ঠান। এইখান থেকে খ্রিষ্টান ধর্মালম্বীরা প্রতি রবিবারসহ অন্যান্য দিনে উপাসনা করে থাকি। আজকের এই গির্জায় পৃথিবীর সকল মানুষের কল্যাণসহ বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং পরিত্রাণের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
আমনুরা মিশন যুব সংঘের সভাপতি জিহেস্কেল মুরমু বলেন, আমরা খুবই আনন্দিত সুন্দরভাবে আজকের এই পুনরুত্থান দিন ধর্মীয় গম্ভীর্যপূর্ণভাবে পালন করতে পেরে।
ইস্টার সানডে গির্জা উপাসনাটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সার্বিক সহযোগিতা করে আমনুরা লুথারেন মিশন গির্জা ও কবরস্থান উন্নয়ন কমিটি ও আমনুরা মিশন যুব সংঘ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন