রাঙামাটির বরকল উপজেলায় অবৈধভাবে পাচারের সময় বিপুল পরিমাণ সেগুন গোলকাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার সকাল ১০টার দিকে উপজেলার হরিণা বাজার ঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব কাঠ জব্দ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশের ১২ ব্যাটালিয়নের সদস্যরা মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা বাজার ঘাট এলাকায় সেগুন কাঠ ফেলে পালিয়ে যায়।
পরে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৩২ ঘনফুট সেগুন গোলকাঠ জব্দ করেন বিজিবি সদস্যরা। জব্দ করা কাঠের বাজারমূল্য প্রায় ১ লাখ ২৯ হাজার ৩৪৪ টাকা বলে জানা গেছে।
এ বিষয়ে বরকলের ছোট হরিণা এলাকার ১২ বিজিবি ব্যাটালিয়নের জোন কমান্ডার ইমরুল কায়েস মেহেদী বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সীমান্ত এলাকায় অবৈধ পাচার প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/এআইএস