নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, আমি এমপি হলে মানুষের শান্তি-শৃঙ্খলা ও জানমালের নিরাপত্তার লক্ষ্যে কোনো অপরাধীদের ছাড় দেওয়া হবে না। সকলে মিলেমিশে রূপগঞ্জ গড়বো আমরা।
মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানের বাড়িতে রুপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, গত ১৭ বছর স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে সাংবাদিকরা স্বাধীনভাবে সঠিকটা লিখতে পারেনি। নানাভাবে সাংবাদিকদের নির্যাতন ও হামলা-মামলার শিকার হতে হয়েছে।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, রূপগঞ্জ গড়ার লক্ষ্যে সাদাকে সাদা বলবেন, কালো কে কালো বলবেন। আমি যদি কোনো অপরাধ করি আমার বিরুদ্ধে লিখবেন। কেউ কোনো অন্যায় করলে সেটাও লিখবেন। সেটা আমার দলের হোক বা দলের বাইরে হোক। সোজা কথা সন্ত্রাস, মাদক, জমি দখল, চুরি-ছিনতাই, ডাকাতিসহ সকল ধরনের অপরাধ মুক্ত রুপগঞ্জ গড়তে চাই। আর এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।
মত বিনিময়কালে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, ভোলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু, বিএনপি নেতা নুরুন্নবী, মাইটিভি ও যায়যায়দিনের মকবুল হোসেন, বাংলাভিশন ও ইনকিলাবের হাজী খলিল সিকদার, বিটিভির এস এম শাহাদাত, জিটিভির আসিকুর রহমান হান্নান, বাংলাদেশ প্রতিদিনের জাহাঙ্গীর আলম হানিফ, এশিয়ান টিভির শহিদুল্লাহ গাজী, নাগরিক টেলিভিশনের মাহবুব আলম প্রিয়, নিউজ টোয়েন্টিফোরের আলম হোসেন, এনটিভির শাকিল আহমেদ, দেশ রূপান্তরের আতাউর রহমান সানি, এটিএন নিউজের মোহাম্মদ পারভেজসহ আরও অনেকে।
বিডি প্রতিদিন/এমআই