দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি বলেছেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা ধানের শীষে ভোট দিয়ে দেশের সেরা জয় উপহার দিতে চাই।
বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার শশরা ইউনিয়নের কাশিপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন মহিলা দল আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কচি বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই প্রথমবারের মতো দিনাজপুরে প্রার্থী হয়েছেন। দিনাজপুর সদর–৩ আসনে আমরা তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীকে পেয়েছি। তাই ভোট চাইতে গেলে জনগণের কাছে আমাদের প্রার্থীকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই।
তিনি আরও বলেন, দেশবাসী ১৬ বছর পর ভোটাধিকার ফিরে পেয়েছে। স্বৈরাচার সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। আপনারা ধানের শীষে ভোট দিয়ে দেশকে বাঁচান, জনগণকে বাঁচান, বিএনপিকে বাঁচান। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়াকে আমরা ধানের শীষে ভোট দিয়ে দেশের সেরা জয় উপহার দিতে চাই। এ জন্য আপনাদের সমর্থন, দোয়া ও ভোট অত্যন্ত জরুরি।
সদর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালমা বেগমের সভাপতিত্বে কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি মোকাররম হোসেন, জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরী, জেলা মহিলা দলের সভাপতি জিন্নাত আরা, জেলা মহিলা দলের সহসভাপতি নাজমা মশির, সাধারণ সম্পাদক শাহিন সুলতানা বিউটি প্রমুখ।
বিডি-প্রতিদিন/মাইনুল