ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে ফলাফল পাল্টে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ১১ দলীয় জোট সমর্থিত ও খেলাফত মজলিসের প্রার্থী এবিএম সিরাজুল মামুন।
শনিবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের অন্য নেতারাও উপস্থিত ছিলেন।
এ বি এম সিরাজুল মামুন অভিযোগ করেন, ‘নারায়ণগঞ্জ-৫ আসনে দিনভর পরিবেশ ভালো দেখা গেলেও কিছু এলাকায় দেওয়াল ঘড়ির এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। ফলাফল গণনার সময় অনেক কেন্দ্রে এজেন্টদের ভোটগণনা কক্ষের বাইরে রাখা, সিসিটিভি ফুটেজের আওতার বাইরে ভোটগণনা এবং বাতিল ভোটকে ধানের শীষের ভোট হিসেবে গণনা করা হয়েছে। এছাড়া রেজাল্ট না লিখেই পোলিং এজেন্টদের থেকে রেজাল্ট শিটে স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের কাছে তথ্য রয়েছে, দেওয়াল ঘড়ি প্রতীকের বিজয় নিশ্চিত জেনে পরিকল্পিতভাবে ফলাফল টেম্পারিং করে বিএনপির প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।’
আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে এবিএম সিরাজুল মামুন বলেন, ‘আমরা এই রহস্যজনক ফলাফলের বিষয়ে জেলা নির্বাচন অফিস এবং প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছি।’
সিরাজুল মামুন বলেন, ‘নির্বাচনি কর্তৃপক্ষের কাছে দাবি, প্রতিটি কেন্দ্রের সঠিক হিসাব এবং স্বচ্ছতার সঙ্গে আবার ভোট গণনার মাধ্যমে জনগণের প্রকৃত রায় ফিরিয়ে দেওয়া হোক। আমরা শান্তিপূর্ণভাবে এই অন্যায়ের প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছি।’
বিডি-প্রতিদিন/এমই