গণ আন্দোলন ছাড়া বিএনপি সরকার সংস্কার বাস্তবায়ন করবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, গণ অভ্যুত্থানের দুই বছর পরও আমরা সবাই এক জায়গায় আছি। আমরা সেই ঐক্যের জায়গায় আছি যে দেশে সংস্কারের মধ্য দিয়ে পরিবর্তন করতে হবে। তবে এ পরিবর্তনের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বর্তমান বিএনপি সরকার।
গতকাল রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে এগারোদলীয় জোটের মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে এগারোদলীয় জোটের শীর্ষ নেতারাসহ জুলাই শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সরকার কখনো সংস্কার বাস্তবায়ন করবে না উল্লেখ করে অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, আমরা চেয়েছিলাম সংসদে সবকিছুর সমাধান হবে। কিন্তু সংসদকে ব্যর্থ করে দেওয়া হয়েছে।
এবার আমাদের গণ আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। গণ আন্দোলন ছাড়া সরকার সংস্কার বাস্তবায়ন করবে না। তবে এবার আমাদের পরিকল্পনা মোতাবেক রাজপথে নামতে হবে। এবার আর ব্যর্থ কিংবা অর্ধেক সফল হতে চাই না। তিনি আরও বলেন, সংস্কার কোনো দলের না। এটা বাংলাদেশ রক্ষার দাবি। আমরা ঐক্যবদ্ধ আছি। এবার আমরা মঞ্চে যারা বসে আছি তারা সামনে দাঁড়াব। গুলি এলে আগে আমাদের বুকে লাগবে।
আপনারা সহযোগিতা করবেন।
ইনশাআল্লাহ, নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। সংস্কার বাস্তবায়ন করা হবে। বিএনপি কিংবা কোনো বিদেশি শক্তি বাধা দিলে তাদের পরাজিত করা হবে। জুলাই শহীদ পরিবারকে সরকার রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে উল্লেখ করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, জুলাই শহীদ ও আহতরা এ দেশের সম্পদ। তাদের নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। আমাদের দাবি সমর্থন করলে আমাদের সহযোগিতা করবেন।
কিন্তু সরকার কখনো জুলাই যোদ্ধা, কখনো একাত্তরের নাম ব্যবহার করে তাদের বিভিন্ন কাজের বৈধতা দিচ্ছে। কিন্তু চব্বিশ এবং একাত্তর কোনোটিকেই তারা ধারণ করে না।