সরফরাজ আহমেদের নেতৃত্বে পাকিস্তান চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল ২০১৭ সালে। সেই সরফরাজ চলতি বছরের মার্চে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। এরপরই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে দেশটির টেস্ট দলের নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। শুধু তিনি নন, পাকিস্তানের ব্যাটিং কোচ মনোনীত হয়েছেন আসাদ শফিক এবং বোলিং কোচ উমর গুল। এদের প্রথম অ্যাসানইমেন্ট বাংলাদেশ সফর। আইসিসি চ্যাম্পিয়নশিপের দুই টেস্ট খেলতে পাকিস্তান ৩ মে ঢাকায় পা রাখছে। ৮-১২ মে প্রথম টেস্ট মিরপুর এবং ১৬-২০ মে দ্বিতীয় টেস্ট সিলেটে অনুষ্ঠিত হবে। শান মাসুদের নেতৃত্বে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি। স্কোয়াডে নতুন মুখ আবদুল্লাহ ফাজাল, আজান আওয়াইস, আমাদ বাট ও মুহাম্মাদ গাজি ঘোরি। উইকেটরক্ষক ব্যাটার ঘোরি এর আগে দেশের পক্ষে একটি ওয়ানডে খেলেছেন। আমাদ ২০২০ সালে বাংলাদেশের বিপক্ষে টি-২০ স্কোয়াডে থাকলেও খেলার সুযোগ পাননি। ফাজাল ও আজান প্রথম সুযোগ পেলেন। সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা স্কোয়াড থেকে বাদ পড়েছেন আবদুল্লাহ শফিক, রোহাইল নাজির, আমির জামাল, আসিফ আফ্রিদি, কামরান গুলাম, আবরার আহমেদ ও ফায়সাল আকরাম। ফিরেছেন সুইং বোলার মোহাম্মাদ আব্বাস।
পাকিস্তান টেস্ট স্কোয়াড : শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফাজাল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলি, ইমাম-উল-হক, খুররাম শাহজাদ, মোহাম্মাদ আব্বাস, মোহাম্মাদ রিজওয়ান, মুহাম্মাদ গাজি ঘোরি, নোমান আলি, সাজিদ খান, সালমান আলি আগা, সাউদ শাকিল ও শাহিন শাহ আফ্রিদি।