সার্কের ফুটবলাররা লোকাল কোটায় খেললেও তারা তো আর দেশি নয়। আসল পরিচয় তো বিদেশিই। তাই সাত বিদেশিকে মাঠে নামিয়েও পেশাদার লিগে পিডব্লিউডির কাছে হেরে গেল ব্রাদার্স ইউনিয়ন। গতকাল মুন্সিগঞ্জ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে পিডব্লিউটি জিতেছে ২-১ গোলে। ম্যাচে ব্রাদার্সের চার পাকিস্তানির সঙ্গে গিনির দুই ও সেনেগালের এক ফুটবলার খেলেন। পাকিস্তানি সার্কের বলে তারা খেলেন স্থানীয় কোটায়। তারাও তো বিদেশি পাসপোর্টধারী। এতজন পরদেশি খেলোয়াড় নিয়েও ব্রাদার্সের হারটা তাই আলোচিত হচ্ছে।
ম্যাচে অফিস দল পিডব্লিউডি আবার পুরো ৩ পয়েন্ট সংগ্রহ করেছে বিদেশিই গোলে। রাশিয়ান ফরোয়ার্ড মারাত দেভেসা তারেক বিজয়ী দলে জোড়া গোল করেন। ১৪ মিনিটে দেভেসা গোল করে পিডব্লিউডিকে লিড এনে দেন। প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে ব্রাদার্স। একের পর এক সুযোগ হাত ছাড়া করার পর জামাল ভূঁইয়ার ক্রশে হেডে গোল করে দলকে সমতায় ফেরান দেশি কোটায় খেলা পাকিস্তানের শায়েক দোস্ত। ৮৪ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন দেভেসা। এ অবিস্মরণীয় জয়ের পরও পিডব্লিউডি রেলিগেশন জোনেই রয়েছে। ১৩ ম্যাচে তাদের পয়েন্ট ব্রাদার্সের সমান ১৩। প্রথম লেগে দুই দলের ম্যাচ গোলশূন্য ড্র ছিল। বসুন্ধরা কিংস ১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। ফর্টিস ও ঢাকা আবাহনী সমান ২৫ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে দ্বিতীয় স্থানে রয়েছে আবাহনী। রহমতগঞ্জ ১৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে।