ব্রাজিলের বিশ্বকাপ দলে শেষ মুহূর্তে জায়গা পেয়ে অবাক হয়েছেন এদেরসন সিলভা নিজেও। বন্ধুর বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় তিনি কল্পনাও করেননি যে কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্বকাপের টিকিট হাতে চলে আসবে।
মাংসপেশির চোটের কারণে ডিফেন্ডার ওয়েসলি বিশ্বকাপ দল থেকে ছিটকে যাওয়ার পর তাঁর বিকল্প হিসেবে এদেরসনের নাম চূড়ান্ত করেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তবে শুরুতে ঘোষিত ২৬ সদস্যের দলে জায়গা না পাওয়ায় বিশ্বকাপে খেলার আশা অনেকটাই ছেড়ে দিয়েছিলেন ২৬ বছর বয়সী এই মিডফিল্ডার।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দল থেকে বাদ পড়ার পর নিজের জন্মভূমি মাতো গ্রোসো দো সুলের কাম্পো গ্রান্দেতে ছুটি কাটাতে যান এদেরসন। স্থানীয় সময় শনিবার রাতে তিনি এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানেও যোগ দেন। এমনকি বিশ্বকাপে ডাক পাওয়ার সম্ভাবনা না থাকায় সঙ্গে নিজের পাসপোর্টও রাখেননি।
কিন্তু রবিবার সকালে হঠাৎই ব্রাজিল ফুটবল কনফেডারেশন থেকে ফোন আসে তাঁর কাছে। জানানো হয়, তিনি বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত হয়েছেন। খবরটি যেমন আনন্দের ছিল, তেমনি তৈরি করে নতুন সমস্যা। কারণ তাঁর পাসপোর্ট তখন রিও ডি জেনেইরোতে অবস্থান করছিল।
পরিস্থিতি সামাল দিতে এক বন্ধুর সাহায্য নেন এদেরসন। বন্ধুকে অনুরোধ করেন পাসপোর্টটি দ্রুত সাও পাওলোতে পৌঁছে দিতে। সেখান থেকে নিউ জার্সিগামী বিমানে উঠে ব্রাজিল দলের সঙ্গে যোগ দেওয়ার পরিকল্পনা করা হয়।
স্থানীয় সময় সোমবার সকালে দলের সঙ্গে যোগ দেওয়ার পর বিকেলে অনুশীলনেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। আগামী রবিবার ভোরে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল, আর সেই দলে শেষ মুহূর্তের নাটকীয় অন্তর্ভুক্তি হয়ে রইলেন এদেরসন।
বিডি প্রতিদিন/এম.এস