শামার জোসেফের পাঁচ উইকেট শিকারের পর শেষ দিকে জেসন হোল্ডারের ব্যাটিং ঝড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। জ্যামাইকার সাবাইনা পার্কে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ম্যাচে ক্যারিবিয়ানরা ৫ উইকেটে জয় পায়।
প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ২০ ওভারে ১৬৯ রানে অলআউট হয়। দলের হয়ে দুনিথ ওয়েলালাগে ৪৩ রান করেন, এছাড়া কামিল মিশারা ২৮ ও পাথুম নিসাঙ্কা ২৬ রান যোগ করেন। ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণে সবচেয়ে সফল ছিলেন শামার জোসেফ, ৪ ওভারে ৩৩ রানে ৫ উইকেট নিয়ে লঙ্কান ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন তিনি।
জবাবে রান তাড়ায় শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। অধিনায়ক শাই হোপ শূন্য রানে ফিরে যান। শিমরন হেটমায়ার ৩২ রানের ইনিংস খেললেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ক্যারিবিয়ানরা।
শেষ ৫ ওভারে প্রয়োজন ছিল ৭০ রান। সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন শেরফেন রাদারফোর্ড ও জেসন হোল্ডার। রাদারফোর্ড ফিফটি করেন, আর হোল্ডার মাত্র ৫ বলে ২১ রানের ঝড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল তিনটি ছক্কা। তাদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে শেষ পর্যন্ত দুই বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ।
রাদারফোর্ড অপরাজিত থাকেন ৫৪ রানে, আর হোল্ডার অপরাজিত ২১ রানে। শ্রীলঙ্কার পক্ষে দুশমান্থা চামিরা সবচেয়ে ব্যয়বহুল বোলার হিসেবে ৪ ওভারে ৬৪ রান দেন।
৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হন শামার জোসেফ এবং পুরো সিরিজে ১১ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কারও জেতেন তিনি।
বিডি প্রতিদিন/এম.এস