আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নরসিংদীর শিবপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী। বৃক্ষরোপণ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও প্রখ্যাত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন।
এ সময় আরও উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. ফারজানা ইয়াসমিন, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনুর মিয়া এবং বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় উপদেষ্টা ও শিবপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান মনির।
সংসদ সদস্য মনজুর এলাহী বলেন, “প্রকৃতির ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আজ যে চারা রোপণ করা হচ্ছে, সেগুলো শুধু গাছ নয়- এগুলো আগামী দিনের নিরাপদ পরিবেশ, নির্মল বাতাস ও সুন্দর জীবনের প্রতিশ্রুতি। বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের এ ধরনের উদ্যোগ সমাজে পরিবেশ সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. ফারজানা ইয়াসমিন বলেন, পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, প্রয়োজন ব্যক্তি, পরিবার ও সামাজিক সংগঠনের সম্মিলিত অংশগ্রহণ। বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের এই বৃক্ষরোপণ কর্মসূচি শিবপুরবাসীর জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
তিনি আরও বলেন, একটি গাছ রোপণ মানে একটি প্রাণের আশ্রয় তৈরি করা, একটি সবুজ ভবিষ্যতের ভিত্তি স্থাপন করা। তাই গাছ লাগানোর পর সেটিকে বড় করে তোলার দায়িত্বও আমাদের সবার।
বিডি-প্রতিদিন/টিএ