পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার সবুজে সুন্দর আগামী গড়ার প্রত্যয়ে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক এস এম ইউসুফ আলী ও আতিকুর রহমান, কালের কণ্ঠের জামালপুর প্রতিনিধি রকিব হাসান নয়ন, ডেইলি সানের প্রতিনিধি ইমরান মাহমুদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক এবং জাবিপ্রবি ছাত্রদলের সদস্য সচিব যীনাত মিয়া আজিজুল।
এছাড়া উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ জাবিপ্রবি শাখার সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক মো. শাহ নেওয়াজ আহমেদ আকাশসহ বসুন্ধরা শুভসংঘের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় ক্যাম্পাসে বৃক্ষরোপণের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক এস এম ইউসুফ আলী বলেন, 'জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব দিন দিন প্রকট হয়ে উঠছে। এ পরিস্থিতিতে পরিবেশের ভারসাম্য রক্ষা, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এমন উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'
সভাপতির বক্তব্যে হুমায়ুন কবীর বলেন, “বসুন্ধরা শুভসংঘ দীর্ঘদিন ধরে দেশব্যাপী পরিবেশ ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় জাবিপ্রবি ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও বিতরণ করা হচ্ছে। ভবিষ্যতেও পরিবেশ রক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
বিডি-প্রতিদিন/টিএ