বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের যৌথ উদ্যোগে সবুজে সুন্দর আগামী গড়ার প্রত্যয়ে চুয়াডাঙ্গায় স্কুল শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (২২ জুন) বেলা ১১টায় চুয়াডাঙ্গা শহরের রাহেলা খাতুন গার্লস একাডেমি স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় স্কুল প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন অতিথিরা। বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আ.স.ম আব্দুর রউফের সভাপতিত্বে এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশী, জেলা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম, জেলা দোকান মালিক সমিতির সভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ, সাধারণ সম্পাদক সুমন পারভেজ খাঁন, কোষাধ্যক্ষ পলাশ কুমার সাহা, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব, রাহেলা খাতুন গার্লস একাডেমির প্রধান শিক্ষক হাবিবুর রহমানসহ শিক্ষকরা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা জামান আখতার, জিসান আহমেদ, দপ্তর সম্পাদক শেখ লিটন, প্রচার-প্রকাশনা বিষয়ক সম্পাদক শামসুজ্জোহা রানা, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক সাকিব বিশ্বাস, ক্রীড়া সম্পাদক সালমান ফার্সি ও সদস্য নাফিস আহমেদ।
চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান বলেন, ‘বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি, বায়ুদূষণ ও পরিবেশগত ভারসাম্যহীনতা বিশ্বব্যাপী উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশও এর বাইরে নয়। বিশেষ করে শহরাঞ্চলে বৃক্ষনিধন ও অপরিকল্পিত নগরায়ণের কারণে সবুজের পরিমাণ ক্রমেই কমে যাচ্ছে। এমন বাস্তবতায় বর্তমান জনবান্ধব সরকারের প্রধানমন্ত্রীও আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের ঘোষণা দিয়ে কর্মসূচি শুরু করেছেন। এর সঙ্গে বসুন্ধরা শুভসংঘ শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার উদ্যোগ ব্যাপক সময়োপযোগী ও প্রশংসনীয়’।
অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশী বলেন, ‘একটি গাছ শুধু পরিবেশের সৌন্দর্যই বাড়ায় না, এটি মানুষের জীবন রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গাছ বাতাস থেকে কার্বন ডাই-অক্সাইড শোষণ করে অক্সিজেন সরবরাহ করে, মাটির ক্ষয়রোধ করে, জীববৈচিত্র্য সংরক্ষণে সহায়তা করে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে। তাই প্রতিটি মানুষকে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যার দায়িত্ব নেওয়া উচিত। বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ প্রতিটি এলাকায় ছড়িয়ে পড়ুক’।
রাহেলা খাতুন গার্লস একাডেমির শিক্ষার্থীরা গাছের চারা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। শিক্ষার্থীরা জানান, তারা নিজ বাড়ির আঙিনা কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের খালি জায়গায় এসব চারা রোপণ করবে এবং নিয়মিত পরিচর্যা করবে। শিক্ষার্থীদের মতে, একটি গাছ বড় হয়ে ওঠা দেখার মধ্যেও রয়েছে আলাদা আনন্দ এবং দায়িত্ববোধের শিক্ষা। পরে স্কুল প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন অতিথি ও শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/আরকে