সিলেটে নানা কর্মসূচির মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসনের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘প্রগতিশীল প্রযুক্তি-অন্তর্ভুক্তিমূলক উন্নতি’ এই প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ তথ্য প্রযুক্তির দিক দিয়ে বিশ্বে এখন অত্যন্ত দৃঢ় অবস্থানে রয়েছে। প্রযুক্তির ইতিবাচক সুবিধা সবার দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। এই সুবিধা থেকে যাতে কেউ বঞ্চিত না হয়, সেদিকে সবাইকে সচেষ্ট হতে হবে।
জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ এস এম কাশেম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌছিফ আহমদ ও জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই