‘দেশব্যাপী বিএনপির নৈরাজ্য’র প্রতিবাদে সিলেটে বিশাল মিছিল করেছে ছাত্রলীগ। সোমবার দুপুরে নগরীর তেলিহাওর থেকে জেলা ছাত্রলীগের ব্যানারে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপির সমালোচনার পাশাপাশি নিজেদের মেয়াদোর্ত্তীণ কমিটির বিলুপ্তি ও নতুন কমিটি ঘোষণার দাবি জানান।
সোমবার বেলা ১টার দিকে তেলিহাওর থেকে জেলা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা বিশাল মিছিল বের করেন। মিছিল থেকে বিএনপি ও জামায়াত বিরোধী বিভিন্ন স্লোগান দেন। চৌহাট্টায় এসে সমাবেশকালে বক্তারা অভিযোগ করেন, রাজনীতির নামে বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। বক্তারা বলেন, ঢাকায় পুলিশের উপর হামলা চালিয়েছে। অফিসে ককটেল মজুদ করে নাশকতার পরিকল্পনা করেছিল। দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে ছাত্রলীগ নেতাকর্মীরা রাজপথে সমুচিত জবাব দেবে বলে ছাত্রলীগ নেতারা হুশিয়ারি উচ্চারণ করেন।
এদিকে, বিএনপির বিরুদ্ধে বের করা মিছিল পরবর্তী সমাবেশে জেলা ছাত্রলীগ নেতারা নিজেদের কমিটির বিরুদ্ধেও বিষোদগার করেন। বক্তারা বলেন, জেলা ছাত্রলীগের দুই সদস্যের কমিটির মেয়াদ উর্ত্তীণ হয়ে গেছে। এই কমিটি ৩১টি ইউনিটের মধ্যে মাত্র ১১টি গঠন করতে পেরেছে। মেয়াদোর্ত্তীণ এই কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণা করতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি দাবি জানান বক্তারা।
সিলেট জেলা ছাত্রলীগের সাবেক উপ পাঠাগার সম্পাদক এম আর মুহিবের সভাপতিত্বে ও সৌরভ জায়গীরদারের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাওয়াদ ইবনে জাহিদ খান।
বিডি প্রতিদিন/এএম