সিলেট বিভাগের সব পেট্রলপাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে ধর্মঘট চলায় ১৪ ঘণ্টা পর তেল সরবরাহে ফিরেছে বিশ্বনাথ উপজেলার ৪ পেট্রলপাম্প। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ২টায় ধর্মঘট প্রত্যাহারের পর তেল বিক্রি শুরু করে তারা।
জানা গেছে, গত বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ১১টা থেকে সিলেট বিভাগের সব ধরনের পেট্রলপাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউশন এজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসিসোয়েশনের নেতারা।
অভিযোগ ছিল, স্থানীয় প্রশাসনের দ্বারা ‘অযৌক্তিক’ জরিমানা ও নানাভাবে হয়রানির। ঘোষণার পর থেকে আজ দুপুর ২টা পর্যন্ত তেল সরবরাহ বন্ধ ছিল বিশ্বনাথের চার পেট্রলপাম্প নুরুল ইসলাম ফিলিং স্টেশন, তাহির আলী অ্যান্ড সন্স ফিলিং স্টেশন, শাহজালাল ফিলিং স্টেশন ও খান ওয়েল ফিলিং স্টেশনে। তখন কার্যত অচল পড়ে পুরো বিশ্বনাথ। বিপাকে পড়েন চলমান যানবাহনের চালকরা। এ সময় তেল নিতে গিয়ে হতাশ হয়ে ফিরে যেতে হয় তাদের।
পরে আজ দুপুরে সিলেটের জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে মালিকপক্ষের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত আসলে তেল সরবরাহ স্বাভাবিক করেন তারা।
এ বিষয়ে কথা হলে নুরুল ইসলাম ফিলিং স্টেশনের পরিচালক শাহ মুক্তাদির আলী সুহিত বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ধর্মঘট চলাকালীন প্রায় ১৪ ঘণ্টা তেল সরবরাহ বন্ধ ছিল। প্রশাসনের সঙ্গে বৈঠকের পর তা প্রত্যাহারের সিদ্ধান্ত আসলে আমরা সঙ্গে সঙ্গে পাবলিককে সার্ভিস দিতে শুরু করি।
বিডি প্রতিদিন/কেএইচটি