ভাঙ্গায় জিরা চাষে সফলতা পেয়েছেন অমিত কুমার দাস (২৩) নামের এক তরুণ কৃষক। তিনি ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের তারাইল গ্রামের গোপাল চন্দ্র দাসের ছেলে। তার সাফল্যে উদ্দীপ্ত হয়েছেন এলাকার অন্য কৃষকরা। এভাবে জিরার চাষ সম্প্রসারণ করা গেলে দেশে আমদানি নির্ভরতা কমবে এবং প্রচুর বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে বলে মনে করছেন এলাকাবাসী।
ভাঙ্গা কৃষি অফিস সূত্রে জানা যায়, মসলার উন্নত জাত ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে প্রথমবারের মতো ভাঙ্গায় জিরা চাষের প্রদর্শনী প্লট স্থাপন করা হয়েছে। এ প্রদর্শনীতে উন্নত জাতের জিরা চাষ করে সফলতা পেয়েছেন স্থানীয় কৃষক অমিত কুমার দাস। উপজেলার আজিমনগর ইউনিয়নের তারাইল গ্রামে ১০ শতাংশ জমিতে তিনি বারি জিরা-০১ চাষ করেছেন। তরুণ কৃষক অমিত দাস জানান, ‘ভাঙ্গা কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী চাষ করেছি। ফলন ভালো হয়েছে এবং এতে আমি লাভবান হব। ভাঙ্গা উপজেলায় এই প্রথমবার জিরা চাষ করে সফলতা পেয়েছি। জমি থেকে ফসল বাড়িতে এনেছি।’