দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, সরকার নির্ধারিত সময়ে সব কর্মকর্তাকে অবশ্যই কার্যালয়ে উপস্থিত থাকতে হবে। কেউ নির্ধারিত সময়ে অফিসে না এলে এবং এ-সংক্রান্ত অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। সদর উপজেলা পরিষদে গতকাল সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতিবিষয়ক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
লালমনিরহাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, আমরা একটি আলোকিত লালমনিরহাট গড়তে চাই। মাদক নিয়ন্ত্রণ, অনলাইন জুয়া এবং বাল্যবিয়ের মতো সামাজিক অপরাধ নির্মূলে প্রশাসনকে বিশেষ বার্তা দেওয়া হয়েছে। বন্ধ থাকা লালমনিরহাট বিমানবন্দর চালু করার বিষয়ে জানান, তিনি ব্যক্তিগতভাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীকে লালমনিরহাট সফরের আমন্ত্রণ জানিয়েছেন। যাতে দ্রুত এটি পুনরায় সচল করার ব্যবস্থা নেওয়া যায়।
এর আগে সকালে সদর হাসপাতাল পরিদর্শন করেন ত্রাণমন্ত্রী। হাসপাতালের ওয়ার্ড ও চারপাশের চরম অপরিচ্ছন্ন পরিবেশ দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।