গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পর্যায়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)’র বিভিন্ন পদবীর ভাতাভোগী সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে গোবিন্দঞ্জ উপজেলা পরিষদ হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আনসার ভিডিপি কর্মকতা শাহীনুর ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন আনসার ভিডিপির গাইবান্ধা জেলা কমান্ড্যান্ট আবু সোলায়মান বিভিএম এস। এ সময় উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষিকা কুদ্দুস ইয়াফীসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত আনসার ও ভিডিপির সদস্যরা উপস্থিত থেকে তাদের কর্মক্ষেত্রের অভিজ্ঞতা, সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
বক্তারা বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্যোগকালীন সময়ে আনসার ও ভিডিপি সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভায় সদস্যদের দক্ষতা বৃদ্ধি, সময়মতো ভাতা প্রদান ও কল্যাণমূলক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট আবু সোলায়মান বিভিএমএস বলেন, সরকার আনসার ও ভিডিপি বাহিনীকে একটি সুসংগঠিত ও কার্যকর বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। সদস্যদের যৌক্তিক সমস্যা ও প্রস্তাবনা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করার আশ্বাস দেন তিনি।
শেষে উপস্থিত সদস্যদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
বিডি-প্রতিদিন/জামশেদ