ঢাকার কেরানীগঞ্জে ভুয়া গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি দক্ষিণ)। এসময় একটি মাইক্রোবাসসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরের দিকে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ সফিকুর ইসলাম সুমন এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলেন- কুষ্টিয়া জেলার মিরপুর থানা এলাকার বাসিন্দা মো. শাকিল (২৫), মো. আশরাফুল ইসলাম (৩৮), নাহিদ হোসেন (২৫), মো. আলমগীর ইসলাম (৩৮) ও মো. সজল আলী (২৫)।
ডিবি সূত্র জানায়, বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এসআই (নিরস্ত্র) প্রদীপ চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় ভুয়া ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের হেফাজত থেকে একটি মাইক্রোবাস, একটি প্লাস্টিকের পিস্তল, একটি শকার মেশিন, একটি হ্যান্ডকাফ, একটি স্টিলের লাঠি এবং একটি সবুজ রঙের পিভিসি লাঠি উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ভুয়া ডিবি পরিচয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় এবং ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে। এঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে। ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সংঘটিত অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিবি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ