চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শিশু শ্যালিকাকে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আটক দুলাভাই স্বীকারোক্তি দিয়েছে পুলিশের কাছে।
নিহত শরিফা (৬) বাঙ্গাবাড়ী ইউনিয়নের সন্তোষপুর বুড়িতলা গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। গতকাল রবিবার বিকেলে তার মরদেহ আলীনগর এলাকার একটি ধানক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ।
এর আগে গত শুক্রবার সন্ধ্যায় শরিফা নিখোঁজ হয়। পরেরদিন শনিবার তাকে না পেয়ে পরিবারের পক্ষ থেকে গোমস্তাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
এ ব্যাপারে নাচোল থানার ওসি নূরে আলম জানান, জিডির সূত্র ধরে পুলিশ তদন্ত শুরু করে এবং সন্দেহভাজন হিসেবে নিহতের দুলাভাই মো. অন্তরকে (২০) আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ধানক্ষেতে মরদেহ ফেলে রাখার কথা স্বীকার করে।
তিনি আরও জানান, পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়। গ্রেফতার অন্তরকে আজ সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/এমই