বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নারী-শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান বলেছেন, বিএনপির বিজয়ে নারীদের ভূমিকা অপরিসীম। আপনারাদের ভোটে বেগম খালেদা জিয়া প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন। তিনি ক্ষমতায় থাকাকালীন শিক্ষার বিনিময়ে খাদ্য ও উপবৃত্তি প্রদান করেছেন, যার সুযোগে অনেকেই সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন। ভবিষ্যতের শিশুরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় এগিয়ে যাবে। আপনারাই দেশ গঠনের প্রধান শক্তি—এই শক্তি দিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
বুধবার (২৬ নভেম্বর) বগুড়ার সারিয়াকান্দি ফাজিল মাদ্রাসা মাঠে নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজনে বগুড়া-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলামের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ‘সমাজের নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা: বিএনপির নির্বাচনী অগ্রাধিকার’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব বলেন।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করেছিলেন, আর বেগম খালেদা জিয়া নারী শিক্ষার প্রসারে যুগান্তকারী ভূমিকা রেখেছেন। অথচ বর্তমানে নারীর নিরাপত্তা ও মর্যাদা প্রশ্নবিদ্ধ। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে নিরাপদ ও বৈষম্যহীন।
সেলিমা রহমান বলেন, একটি দল নারীদের ঘরে আবদ্ধ রাখতে চায়, কিন্তু বিএনপি নারীদের সঙ্গে নিয়েই রাষ্ট্র মেরামত ও উন্নয়নে কাজ করতে চায়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী। এ সময় বক্তব্য রাখেন বগুড়া-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক এমপি আলহাজ কাজী রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, জেলা ছাত্রদলের সভাপতি এম আর হাসান পলাশসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বিডিপ্রতিদিন/কবিরুল