আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করা এবং বিএনপির ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুরের মধুখালীতে বিএনপির একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে মধুখালী ঈদগাহ মাঠে আয়োজিত এ সমাবেশে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।
মধুখালী উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল আলিম মানিকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন মধুখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, মধুখালী পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্লা,সাধারণ সম্পাদক ইয়াছিন বিশ্বাস, উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম মোস্তফা বাকি, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমানসহ আরও অনেকে।
সমাবেশের শুরুতে বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা এবং শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার নাসিরুল ইসলাম বলেন, ‘বিগত ১৭ বছরে সবচে বেশী নির্যাতনের শিকার হয়েছেন শহিদ রাষ্টপতি জিয়াউর রহমানের পরিবার। শত নির্যাতনকে উপেক্ষা করে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলকে বুকের ভেতরে আগলে রেখেছেন। তিনি শত নির্যাতন ও কারাভোগ করে দলের নেতাকর্মীদের আগলে রেখেছেন। তারেক রহমান নির্যাতন ও কারাভোগের পর বিদেশে যেতে বাধ্য হয়েছেন। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বিএনপির আজ সুসংগঠিত ও শক্তিশালী।
তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সকলকে একসাথে কাজ করতে হবে। ধানের শীষ বিজয়ী হলে, বিএনপি ক্ষমতায় এলে দেশ উন্নয়নের পথে ধাবিত হবে। এ অঞ্চলের মানুষ উন্নয়নের সুফল ভোগ করতে পারবে।