খাগড়াছড়ি ২৯৮ -নং সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থীর সমর্থনে শুক্রবার খাগড়াছড়ি পৌর টাউন হলে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি এবং বিএনপির মনোনীত ত্রয়োদশ সংসদ পদপ্রার্থী ওয়াদুদ ভূইয়া।
অনুষ্ঠানে ওয়াদুদ ভূইয়া বলেন, বিএনপি জিয়াউর রহমানের সৃষ্টি। তিনি সবসময় দেশের মানুষের কথা ভাবতেন। আমরাও তার আদর্শে দেশ গড়তে চাই। পাহাড়ের মানুষের জন্য কাজ করতে চাই। বিএনপি ক্ষমতায় এলে পাহাড়ে ভাইয়ে ভাইয়ে সংঘাত ও অস্ত্রের ঝনঝনানি বন্ধ করবে। অস্থির পাহাড়ে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনবে। আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, সাধারণ সম্পাদক এম এন আবছার, সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, দেবরাণী চাকমা, যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এডভোকেট রিপল চাকমা।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু। সমাবেশে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ অংশ নেন।
বিডিপ্রতিদিন/কবিরুল