বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী, নাটোর-২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বাংলাদেশের ঐক্যের প্রতীক। তিনি দেশের অতীত সংকটগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আগামী নির্বাচনসহ যেকোনো সংকটে বেগম খালেদা জিয়া অত্যন্ত প্রয়োজন।
শুক্রবার জুমার নামাজ শেষে নাটোর শহরের বঙ্গজ্বল রাজবাড়ি এনডিটিআই জামে মসজিদে বেগম জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, গণতন্ত্র, স্বাধীনতা এবং ভোটের অধিকারের জন্য বেগম খালেদা জিয়ার বেঁচে থাকা অত্যন্ত জরুরি। তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশের অভিভাবকের ভূমিকা পালন করেছেন। গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি বারবার জীবনঝুঁকি নিয়েছেন এবং ছিলেন আপোষহীন। দেশের স্বাধীনতা রক্ষায় তিনি তার গোটা জীবন উৎসর্গ করেছেন।
এ সময় বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম, নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদলের সভাপতি এ. হাই তালুকদার ডালিম এবং সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল