রুপালি জগতে তাঁরা এলেন, শুরুতেই জয় করলেন দর্শক হৃদয়। মিডিয়ায় প্রচুর সম্ভাবনাও ছিল তাঁদের। কিন্তু নানা কারণে শুরুতেই হারিয়ে যান তাঁরা। এমন বেশ কজন নায়িকার কথা তুলে ধরেছেন - আলাউদ্দীন মাজিদ
ম্যাডাম ফুলিতেই শেষ সিমলা
বাংলা চলচ্চিত্রের সম্ভাবনাময় নায়িকা ছিলেন সিমলা। যিনি অভিষেক ছবিতে শহীদুল হক খানের ‘ম্যাডাম ফুলি’তে ‘ফুলি’ এবং ‘সিমলা’ নামের দুটি চরিত্রে অভিনয় করে জিতে নিয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। কিন্তু পরবর্তী সময়ে আর আলো ছড়াতে পারেননি এবং হারিয়ে যান এই নায়িকা।
এক ছবির নায়িকা জেবা
১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘হৃদয়ের আয়না’ ছবিতে নায়ক রিয়াজের বিপরীতে অভিনয় করেন নবাগতা জেবা। মিষ্টি প্রেমের ওই ছবিতে ‘আয়না’ চরিত্রে অভিনয় করে বেশ সুনাম কুড়িয়েছিলেন জেবা। ওই এক ছবি করেই হারিয়ে যান এই সম্ভাবনাময়ী নায়িকা।
সুইডেনে তামান্না
১৯৯৫ সালে আফজাল হোসেনের নির্দেশনায় স্টারশিপের একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার মধ্য দিয়ে মিডিয়ায় অভিষেক ঘটে চিত্রনায়িকা তামান্নার। তার অভিনীত ছবি ‘ত্যাজ্যপুত্র’। নায়ক ছিলেন বাপ্পারাজ। প্রথম ছবিতেই নজর কেড়েছিলেন তিনি। এরপর রুবেলের বিপরীতে ‘ভণ্ড’ ছবিতে তাঁর অভিনয় দর্শক হৃদয়ে নাড়া দেয়। ২০১৩ সালে তিনি শেষ অভিনয় করেন ‘পাগল তোর জন্য রে’ ছবিতে। এরপরই স্বামীর সঙ্গে সুইডেনে পাড়ি জমান এই নায়িকা। এখন শুধু দেশে আসেন বেড়ানোর উদ্দেশে।
হারিয়েছেন ‘প্রাণের চেয়ে প্রিয়’র রাভিনা
মহম্মদ হান্নান পরিচালিত ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার ও ব্যবসাসফল চলচ্চিত্র ‘প্রাণের চেয়ে প্রিয়’তে নায়ক রিয়াজের বিপরীতে অভিনয় করে দর্শক নজর কেড়েছিলেন নবাগতা নায়িকা রাভিনা। এরপর আরও দুটি ছবিতে অভিনয় করে দর্শক মন কাড়লেও একসময় সংসারের কারণে হারিয়ে যান তিনি।
সাফল্য ধরে রাখতে পারেননি রত্না
২০০২ সালে ক্লাস সেভেনে পড়া অবস্থায় ফেরদৌসের বিপরীতে ‘কেন ভালোবাসলাম’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে নাম লেখান রত্না। একই বছর কাজী হায়াৎ পরিচালিত ‘ইতিহাস’ ছবিতে কাজী মারুফের বিপরীতে অভিনয় করে সাড়া ফেলেন। ২০১৫ সালের শুরুর দিকে হঠাৎ করেই ধস নামে রত্নার ক্যারিয়ারে। সেই ধসেই হারিয়ে যান চলচ্চিত্রের সম্ভাবনাময়ী এই নায়িকা।
মান্নার মৃত্যুর পর হারিয়ে গেছেন একা
একসময় চলচ্চিত্রে বেশ সাড়া ফেলেছিলেন চিত্রনায়িকা একা। কাজী হায়াতের ‘তেজী’ এবং ‘ধর’সহ বেশ কয়েকটি ছবিতে প্রয়াত মান্নার বিপরীতে তাঁকে দেখা গেছে। সে সময় এ জুটি ছিল সুপারহিট। মান্নার মৃত্যুর পর একাধিক নায়কের সঙ্গে জুটি বেঁধেছেন এই অভিনেত্রী। কিন্তু সেভাবে আর নিজেকে মেলে ধরতে পারেননি। গত কয়েক বছর তিনি অভিনয় থেকে দূরে। তাঁর দেখা মেলে না কোনো অনুষ্ঠানেও।

প্রবাসী অগ্নিলা
প্রিয়াংকা অগ্নিলা ইকবাল, ‘কথাবন্ধু মিথিলা’ নাটকে হন জনপ্রিয়। ২০০১ সালে আবার গিয়াসউদ্দিন সেলিমের বিপ্রতীপ নাটকে অভিনয় করে ক্যারিয়ারে নতুন অবয়বে ফেরা। সংসারের কারণে মিডিয়া ছাড়তে হয়েছে তাঁকে। তিনি বর্তমানে কানাডা ও ঢাকা- উভয় স্থানে বসবাস করেন।
সংসারী লিমা
১৯৯৪ সালের শেষদিকে জীবন রহমান পরিচালিত ‘প্রেমযুদ্ধ’ ছবিতে সালমানের সঙ্গে জুটি বাঁধেন লিমা। পরের বছর দেলোয়ার জাহান ঝন্টুর ‘কন্যাদান’ ছবিতেও দেখা যায় এই জুটিকে। কিন্তু সংসারী হয়ে চিত্রনায়িকা লিমা হারিয়ে যান চিত্রজগৎ থেকে।
হারিয়ে যাওয়া আরও অভিনেত্রী...
একসময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মিলা হোসেন অনেক আগেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। এদিকে জনপ্রিয় অবস্থায়ই অভিনয় ছেড়েছেন সুরাইয়া হুদা রাত্রী, শ্যামা, বৃষ্টি, সাবরিনা ও কাঞ্চিসহ আরও অনেকে। এরা সিনেমায় এসে কোনো না কোনো সময়ে দ্যুতি ছড়িয়েছেন।