চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ ও বেনফিকা ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রকে ঘিরে বর্ণবাদী আচরণের অভিযোগে আর্জেন্টাইন ফুটবলার জানলুকা প্রেস্তিয়ান্নিকে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যার মধ্যে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দুই বছরের জন্য স্থগিত থাকবে।
এই নিষেধাজ্ঞার মধ্যে ফেব্রুয়ারিতে সাময়িক নিষেধাজ্ঞা হিসেবে ভোগ করা এক ম্যাচের নিষেধাজ্ঞাও অন্তর্ভুক্ত রয়েছে।ভিনিসিয়ুস জুনিয়র অভিযোগ করেন, গত ১৭ ফেব্রুয়ারি লিসবনে দুই দলের মধ্যে অনুষ্ঠিত নকআউট প্লে-অফ পর্বের ম্যাচে তাকে বর্ণবাদী গালি দেওয়া হয়েছিল।
এছাড়া কিলিয়ান এমবাপে অভিযোগ করেন, তিনি প্রেসতিয়ানিকে ভিনিসিয়ুসকে পাঁচবার ‘বানর’ বলে ডাকতে শুনেছেন। এ ঘটনার পর খেলাটি ১০ মিনিটের জন্য স্থগিত করা হয়।
অভিযোগের সত্যতা যাচাইয়ে ম্যাচটির পর উয়েফা একজন নীতি ও শৃঙ্খলা তদন্তকারী নিয়োগ করে। তদন্তের পর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। উয়েফা জানিয়েছে, তারা ফিফাকে এই নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী প্রসারিত করার জন্য অনুরোধ করেছে। তবে প্রেসতিয়ানি উয়েফাকে বলেছিলেন, তিনি বর্ণবাদী নয়, বরং সমকামভীতিমূলক গালি ব্যবহার করেছিলেন।
এই নিষেধাজ্ঞা একটি আইন পরিবর্তনের সূত্রপাত করতে পারে। কারণ আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) আগামী সপ্তাহে ফিফা কংগ্রেসের আগে কানাডায় বৈঠকে বসতে চলেছে। যেখানে খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষের সময় তারা প্রতিপক্ষের সঙ্গে কথা বলার জন্য মুখ ঢাকলে তাদের সাথে কী আচরণ করা হবে, তা আরও বিবেচনা করা হবে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো গত মাসে বলেছিলেন, প্রতিপক্ষের সঙ্গে কথা বলার জন্য মুখ ঢাকলে লাল কার্ড দেখানো উচিত। তিনি স্কাই নিউজকে বলেন, যদি কোনো খেলোয়াড় তার মুখ ঢেকে কিছু বলে এবং এর কোনো বর্ণবাদী পরিণতি থাকে, তাহলে তাকে অবশ্যই মাঠ থেকে বের করে দিতে হবে।
তিনি দাবি করেন, এটা ধরে নিতে হবে, যে সে এমন কিছু বলেছে যা তার বলা উচিত ছিল না, নইলে তাকে মুখ ঢাকতে হতো না।
উয়েফার শৃঙ্খলাবিধির ১৪ নম্বর ধারায় বলা হয়েছে, এই বিধিমালার অধীনস্থ কোনো সংস্থা বা ব্যক্তি যদি গায়ের রঙ, জাতি, ধর্ম, নৃতাত্ত্বিক পরিচয়, লিঙ্গ বা যৌন অভিমুখসহ যেকোনো কারণে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মানবিক মর্যাদাকে অপমান করে তবে তাকে কমপক্ষে ১০ ম্যাচের জন্য বা একটি নির্দিষ্ট সময়ের জন্য নিষিদ্ধ করা হবে। এছাড়াও অন্য কোনো উপযুক্ত শাস্তি দেওয়া হবে।
উয়েফা প্রেসতিয়ানির জন্য ঘোষিত শাস্তির সিদ্ধান্তে পৌঁছানোর ক্ষেত্রে তাদের নিয়ন্ত্রণ, নীতি ও শৃঙ্খলা বোর্ডের যুক্তি প্রকাশ করেনি।
বিডি প্রতিদিন/আরকে