কোপা সুদামেরিকানার গ্রুপ পর্বের ড্র হওয়ার পর থেকেই সান লরেঞ্জো সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল নেইমারের সান্তোসের বিপক্ষে ম্যাচটি। আগামী পরশু গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে নিজেদের মাঠে ব্রাজিলের ক্লাবটির মুখোমুখি হবে লরেঞ্জো। তবে ম্যাচের আগে শেষ অনুশীলনে নেইমারের অনুপস্থিতি নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
জানা গেছে, ২০১১ সালের লিবার্তোদোরেস জয়ী এই তারকা ফুটবলার ভাইরাল ইনফেকশনে আক্রান্ত হয়ে অনুশীলনে অংশ নিতে পারেননি। শুরুতে তার অনুপস্থিতির কারণ গোপন রাখা হলেও ব্রাজিলের গণমাধ্যমগুলো বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে গ্রুপ পর্বে এখন পর্যন্ত পারফরম্যান্সে এগিয়ে রয়েছে সান লরেঞ্জো। রিকোলার বিপক্ষে ড্র এবং দেপোর্তিভো কুয়েনকার বিপক্ষে ২-০ গোলের জয়ে আত্মবিশ্বাসী দলটি। অন্যদিকে মাত্র ১ পয়েন্ট নিয়ে চাপে রয়েছে সান্তোস। ব্রাজিল লিগে ১৭ নম্বরে থাকা দলটির জন্য এই ম্যাচটি ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ।
স্বস্তির খবর হলো, সান্তোস কর্তৃপক্ষ জানিয়েছে নেইমার দলের সঙ্গে আর্জেন্টিনা সফরে যাচ্ছেন এবং ম্যাচে খেলার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া হয়নি।
৩৪ বছর বয়সী নেইমার বর্তমানে ক্যারিয়ারের কঠিন সময় পার করছেন। শৈশবের ক্লাবে ফিরে এলেও সান্তোসের পারফরম্যান্স খুব একটা আশাব্যঞ্জক নয়। ২০২৫ সালে অবনমন এড়িয়ে টিকে থাকা দলটি এবারও লড়ছে নিজেদের অবস্থান ধরে রাখতে।
শারীরিক সমস্যা নেইমারের জন্য নতুন নয়, বিশেষ করে যখন সামনে রয়েছে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। ব্রাজিল দলের কোচ কার্লো আনচেলত্তি একাধিকবার জানিয়েছেন, নেইমার শারীরিক ও মানসিকভাবে ফিট থাকলে তাকে জাতীয় দলে বিবেচনা করা হবে।
বিডি প্রতিদিন/এম.এস