আইপিএলে নিজের আধিপত্য আরও একবার প্রমাণ করলেন সুনীল নারাইন। প্রথম বিদেশি বোলার হিসেবে আইপিএলে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করে নতুন ইতিহাস গড়েছেন এই ক্যারিবিয়ান স্পিনার।
রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে নেমে সালিল আরোরাকে বোল্ড করে এই কীর্তি গড়েন নারাইন। পরে একই ওভারে ইশান কিষানকে আউট করে তার উইকেট সংখ্যা দাঁড়ায় ২০১।
২০১২ সালে আইপিএলে অভিষেকের পর থেকে টানা ১৫ আসর কলকাতার হয়ে খেলছেন নারাইন। সময়ের সঙ্গে তিনি দলটির অন্যতম প্রতীকে পরিণত হয়েছেন।
এ পর্যন্ত ১৯৭ ম্যাচে তার শিকার ২০১ উইকেট। বিদেশি বোলারদের মধ্যে তার পরেই আছেন ডোয়াইন ব্রাভো, তিনি ১৬১ ম্যাচে নিয়েছেন ১৮৩ উইকেট। তালিকার তিন নম্বরে আছেন রাশিদ খান, তার উইকেট ১৬৮ (১৪৫ ম্যাচে)।
বল হাতে সাফল্যের পাশাপাশি ব্যাট হাতেও দারুণ অবদান রেখেছেন নারাইন। আইপিএলে তার রয়েছে ১টি সেঞ্চুরি ও ৭টি ফিফটিসহ ১,৮২০ রান, স্ট্রাইক রেট ১৬৫.৩০।
আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে আছেন যুভেন্দ্র চাহাল, যার উইকেট ২২৮ (১৮২ ম্যাচে)। প্রথম পেসার হিসেবে ২০০ উইকেট নেওয়া ভুবনেশ্বর কুমার আছেন দ্বিতীয় স্থানে, তার শিকার ২১৫ উইকেট (১৯৯ ম্যাচে)।
এছাড়া তালিকায় আছেন পিয়ুস চাওলা (১৯২ উইকেট) ও রভিচান্দ্রান অশ্বিন (১৮৭ উইকেট)। আর ১৫৪ ম্যাচে ১৮৬ উইকেট নিয়ে দ্রুতই এই তালিকায় ওপরে উঠে আসার সম্ভাবনা রয়েছে জাসপ্রিত বুমরাহর।
বিডি প্রতিদিন/এম.এস