পটুয়াখালীর গলাচিপায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ভূগর্ভস্থ পানির ব্যবহার ও সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) উপজেলার উত্তর চরবিশ্বাস এসকে দাখিল মাদ্রাসার হলরুমে এ সভার আয়োজন করা হয়।
বসুন্ধরা শুভসংঘ গলাচিপা উপজেলা শাখার আহ্বায়ক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মো. মুজিবুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী মৌলভী মাওলানা মো. ইমাম হোসেন।
সভায় আরও উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মাদ মুজিবর রহমান, মাওলানা মো. মফিদুল ইসলাম, মাওলানা আব্দুল জলিল, সহকারী শিক্ষক মো. খলিলুর রহমান, মোহাম্মদ নাসির উদ্দিন, মোসা. রাশিদা বেগম, মো. তাওহিদুর রহমান, শিক্ষক মো. আমিনুল ইসলাম, নাজমিন নাহার, আবুল হোসাইন, মো. মনিরুল ইসলাম, বসুন্ধরা শুভসংঘের সদস্য মো. মাহমুদ হোসেন রামিম ও মো. হারুন অর রশিদসহ মাদ্রাসার শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় বক্তারা বলেন, ভূগর্ভস্থ পানি মাটির নিচে জমে থাকা পানি, যা মাটির স্তর ও পাথরের ফাঁকে ফাঁকে সঞ্চিত থাকে। বৃষ্টির পানি এবং নদী-খালের পানি ধীরে ধীরে মাটির নিচে প্রবেশ করে এ পানির সৃষ্টি হয়। গ্রাম ও শহরে পানীয় জল হিসেবে, কৃষিকাজে সেচে, গৃহস্থালির কাজে, শিল্পকারখানায় এবং পশুপালনে এই পানি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। খরার সময় এ পানি মানুষের জন্য গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করে।
বক্তারা আরও সতর্ক করে বলেন, অতিরিক্ত ব্যবহারের ফলে ভূগর্ভস্থ পানির স্তর দিন দিন নিচে নেমে যাচ্ছে এবং আর্সেনিক দূষণের ঝুঁকি বাড়ছে, যা বাংলাদেশের জন্য বড় উদ্বেগের বিষয়। ফলে ভবিষ্যতে পানির সংকট দেখা দিতে পারে।
সভায় ভূগর্ভস্থ পানি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে বক্তারা অপ্রয়োজনীয় পানি ব্যবহার কমানো, বৃষ্টির পানি সংরক্ষণ, সঠিক সেচ ব্যবস্থা গ্রহণ এবং বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান। তারা বলেন, অপ্রয়োজনীয়ভাবে ভূগর্ভস্থ পানি ব্যবহার থেকে বিরত থাকতে হবে। ইতোমধ্যে এ অঞ্চলে এলাকা ভেদে পানির স্তর গড়ে ২০-৩০ ফুট নিচে নেমে গেছে। এখনই সচেতন না হলে ভবিষ্যতে চরম দুর্ভোগ পোহাতে হবে। আয়োজকরা জানান, একমাত্র সচেতনতাই পারে আমাদের এই গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে।
বিডি প্রতিদিন/আরকে