ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে গাছ থেকে কাঁঠাল পাড়তে গিয়ে মাথায় কাঁঠাল পড়ে ছিয়াকুল (৩৯) নামে এক মালির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
হাসপাতালে ছিয়াকুলকে নিয়ে আসা তার সহকর্মী সুনীল চৌহান জানান, তারা দুজনই রোকেয়া হলে মালি হিসেবে কর্মরত ছিলেন। সকালে কাঁঠাল পাড়ার সময় ছিয়াকুল একটি টেবিলের ওপর দাঁড়িয়ে বাঁশ দিয়ে কাঁঠাল নামানোর চেষ্টা করছিলেন। এ সময় একটি কাঁঠাল তার মাথার ওপর পড়ে। এতে তিনি ভারসাম্য হারিয়ে পাকা মেঝেতে উপুড় হয়ে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান।
পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ছিয়াকুলের বাড়ি নড়াইল জেলার নড়াগাতী থানা এলাকায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হল এলাকায় বসবাস করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য শাহবাগ থানাকে অবহিত করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এআইএস