বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব ল-এর অধীনে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মুট কোর্ট সোসাইটির উদ্যোগে ‘স্নাতক থেকে আইনজীবী: বার কাউন্সিলে তালিকাভুক্তির পথচলা’ শীর্ষক এক বিশেষ সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে বাউবির ঢাকা আঞ্চলিক কেন্দ্রে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল অব ল-এর ডিন অধ্যাপক ড. নাহিদ ফেরদৌসী। অষ্টম থেকে ত্রয়োদশ ব্যাচের আইন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মশালায় তিনি বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ল-এর অধীনে বাউবি মুট কোর্ট সোসাইটির যাত্রা আইন বিভাগের জন্য একটি গৌরবময় ও আবেগঘন মাইলফলক।
তিনি আশা প্রকাশ করেন, এ কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা বার কাউন্সিলে তালিকাভুক্তির প্রক্রিয়া সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনের পাশাপাশি দক্ষ, মানবিক ও ন্যায়নিষ্ঠ আইনজীবী হিসেবে গড়ে উঠবে এবং ভবিষ্যতে রাষ্ট্র ও সমাজে ইতিবাচক অবদান রাখবে।
কর্মশালার মূল বক্তা ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাউবি আইন বিভাগের তৃতীয় ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী অ্যাডভোকেট গাজী হাসান মাহমুদ। তিনি বার কাউন্সিলে তালিকাভুক্তি, আইনজীবী হিসেবে নিবন্ধনের বিভিন্ন ধাপ, পরীক্ষার প্রস্তুতি, পেশাগত চ্যালেঞ্জ এবং সফলতার কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
সেমিনারের প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা বার কাউন্সিল পরীক্ষা, আইন পেশার বাস্তব অভিজ্ঞতা এবং ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন, যার উত্তর দেন মূল বক্তা। কর্মশালায় শিক্ষার্থীদের স্নাতকোত্তর-পরবর্তী পেশাগত জীবনে বার কাউন্সিলে তালিকাভুক্তি এবং আইন পেশায় প্রবেশের প্রয়োজনীয় করণীয় সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাউবি মুট কোর্ট সোসাইটির আহ্বায়ক ও স্কুল অব ল-এর প্রভাষক সজল আহমেদ বাপ্পী।
কর্মশালায় স্কুল অব ল-এর বিভিন্ন ব্যাচের প্রায় ১০০ শিক্ষার্থী, শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন। উপস্থিত শিক্ষার্থীরা বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতি, আইন পেশার বাস্তবতা এবং পেশাগত উন্নয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মূল্যবান ধারণা লাভ করেন।
বিডি-প্রতিদিন/এআইএস