সিলেটে ফ্যামেলি কার্ড দেওয়ার নামে নারীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে এক ইউনিয়ন পরিষদ উদ্যোক্তাকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া শিবু দাস গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা। গতকাল বুধবার বিকেলে তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী।
জানা যায়, গতকাল বুধবার ফেসবুকে ফ্যামেলি কার্ডের নামে অর্থ আদায়ের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, ইউনিয়ন উদ্যোক্তা অফিসে বসে শিবু দাসের ভাই দীপ দাস নারীদের কাছ থেকে ১২০-১৩০ টাকা করে আদায় করছেন। এসময় এক ব্যক্তি অর্থ আদায়ের ব্যাপারে প্রতিবাদ করেন। প্রতিবাদের মুখে শিবু দাস উপস্থিত নারীদের টাকা ফেরতও দেন। এ ভিডিওটি ভাইরাল হওয়ার পর নজরে আসে প্রশাসনের। পরে শিবু দাসকে বরখাস্ত করা হয়।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী জানান, ফ্যামেলি কার্ড দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ পাওয়ার সাথে সাথে অভিযুক্ত ইউনিয়ন পরিষদ উদ্যোক্তাকে বরখাস্ত করা হয়েছে।
প্রসঙ্গত, সিলেট বিভাগের মধ্যে কেবলমাত্র সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় ফ্যামেলি কার্ড বিতরণ উদ্বোধন হয়েছে। এছাড়া বিভাগের আর কোথাও ফ্যামেলি কার্ড বিতরণের ব্যাপারে সরকারি কোনো নির্দেশনা আসেনি।
বিডি-প্রতিদিন/জামশেদ