হবিগঞ্জের লাখাইয়ে মামলার আসামি রুবেল চৌধুরীকে ধরতে গিয়ে বিপাকে পড়েছ পুলিশ। তাকে গ্রেফতার করে হ্যান্ডকাফ পরানো হলেও থানা পর্যন্ত আনতে পারেননি পুলিশ সদস্যরা। হ্যান্ডকাফসহ সুকৌশলে পালিয়ে গেছে রুবেল। যা নিয়ে উপজেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
যদিও পুলিশ বলছে, আসামিকে ধরতে সাঁড়াশি অভিযান চলছে। শিগগিরই তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
শনিবার (১৪ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটলেও সন্ধ্যার পর থেকে বিষয়টি জানাজানি হলে শুরু হয় নানান আলোচনা।
সূত্র জানায়, একটি মারামারি মামলার পলাতক আসামি রুবেল। সে উপজেলার শহীদপুর গ্রামের বাসিন্দা ও ছিনু চৌধুরীর ছেলে। উল্লিখিত সময়ে মোড়াকরি বাজারে তাকে গ্রেফতার করতে অভিযান চালায় লাখাই থানা পুলিশ। অভিযানকালে তাকে গ্রেফতারও করা হয়। কিন্তু সুচতুর রুবেল কৌশলে হ্যান্ডকাফসহ পুলিশের হাত থেকে পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, রুবেল এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি। যে কারণে মারামারি মামলার আসামি হয়েও এলাকায় দীর্ঘদিন যাবৎ প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছিল। এ ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে গ্রেফতারে সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছেন বলে জানা গেছে। তবে মধ্যরাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে আটকের খবর পাওয়া যায়নি।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) কৃষ্ণপদ মিত্র জানান, পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তাকে দ্রুত আইনের আওতায় আনা হবে।
এ বিষয়ে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) শহিদুল হক বলেন, পলাতক আসামিকে গ্রেফতারের জন্য পুলিশ মাঠে কাজ করছে। খুব শিগগিরই তাকে গ্রেফতার করা সম্ভব হবে বলে আশা করছি।
বিডি প্রতিদিন/কেএইচটি