প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে জালিয়াতির মাধ্যমে প্রশ্নফাঁসে জড়িত সংঘবদ্ধ চক্রের দুই সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করেছে। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের রুপালি বাজারপাড়া এলাকার আক্তার আহমেদের ছেলে ফজলুল হক (৩১) এবং কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নের লুৎফার বাপের পাড়া এলাকার হাবিনুল মান্নানের স্ত্রী জেসমিন আক্তার (২৮)।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমির উদ্দিন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহরের দুইটি পরীক্ষাকেন্দ্রে প্রশ্নফাঁস চক্রের সহায়তায় পরীক্ষায় অংশ নেওয়া দুইজনকে আটক করা হয়। পরে শিক্ষা কর্মকর্তার দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহীন মিয়া জানান, দক্ষিণ খুরুশকুল ও সিটি কলেজ কেন্দ্র থেকে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুইজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি ডিভাইস এবং একটি পুলিশের ব্যাগ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রশ্নফাঁসে জড়িত থাকার কথা স্বীকার করলে পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ