"কারিগরি শিক্ষা নিলে বিশ্বজুড়ে কর্ম মিলে- একটাই লক্ষ্য হতে হবে দক্ষ" এই প্রতিপাদ্যে পঞ্চগড়ে কারিগরি, মাদরাসা, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষানুরাগী এবং মসজিদের ইমামদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী আনোয়ারুল আলম, কারিগরি শিক্ষা অধিদপ্তরের রংপুর আঞ্চলিক কার্যালয়ের পরিচালক খন্দকার মো. নাহিদ হাসান প্রমুখ বক্তব্য রাখেন।
কর্মশালায় জেলার বিভিন্ন কারিগরি, মাদরাসা, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষানুরাগী এবং বিভিন্ন মসজিদের ইমামসহ পাঁচ শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।
এসময় কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, কারিগরি শিক্ষাকে ৫০ শতাংশে উন্নীত করা হবে। আমাদের বিপুল পরিমাণ জনসংখ্যা আছে। তাদের জনশক্তিতে রূপান্তর করতে হবে। আমাদের দেশে মাদরাসা, সাধারণ ও কারিগরি শিক্ষা ব্যবস্থা আছে কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের অধিকাংশ মানুষজন কারিগরি শিক্ষাকে বুঝতে চায় না। আমাদের ছেলে মেয়েদেরকে কারিগরি শিক্ষা দিয়ে তাদের হাতে সার্টিফিকেট তুলে দিলে কর্মসংস্থানের ব্যবস্থা হবে।
বিডি প্রতিদিন/হিমেল