অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে ইতিহাস গড়ছিলেন লিওনেল মেসি, আর গ্যালারিতে তৈরি হচ্ছিল আরেকটি ভাইরাল গল্প। ১০০ বছর বয়সী এক নারী ভক্তের হাতে প্ল্যাকার্ড, চোখে মেসির প্রতি অকৃত্রিম ভালোবাসা, মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে।
ডালাসে অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনা ২-০ গোলে হারায় অস্ট্রিয়াকে। মাঠের খেলায় মেসির পারফরম্যান্স যেমন আলোচনায় ছিল, ঠিক তেমনি গ্যালারির এক বিশেষ দৃশ্যও সবার নজর কাড়ে।
অফিসিয়াল সম্প্রচারকের ক্যামেরায় ধরা পড়েন ১০০ বছর বয়সী এক নারী। আর্জেন্টিনার নীল সাদা জার্সি পরে তিনি দাঁড়িয়ে ছিলেন একটি প্ল্যাকার্ড হাতে। সেখানে লেখা ছিল, আমার বয়স ১০০ বছর এবং আমি একজন মেসি ভক্ত।
ভিডিওটি মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অনেকেই জানতে চান, এই বয়স্ক সমর্থক আসলে কে।
তার নাম পলিন কানা, যিনি অনলাইনে গ্র্যানি স্মিথ, গ্যাংস্টার গ্র্যানি নামে পরিচিত। তিনি একজন আমেরিকান কন্টেন্ট ক্রিয়েটর। নাতি রস স্মিথের সঙ্গে কমেডি ভিডিও, স্ট্যান্টস ও ভাইরাল কনটেন্ট তৈরি করে জনপ্রিয়তা পেয়েছেন।
মেসির প্রতি তার ভালোবাসা নতুন নয়। ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামির ম্যাচগুলোতেও তাকে দেখা গেছে ভিন্ন ভিন্ন প্ল্যাকার্ড নিয়ে।
পোর্তোর বিপক্ষে এক ম্যাচে তিনি লিখেছিলেন, মেসি তুমি কি আমাকে বিয়ে করবে। আর পিএসজির বিপক্ষে ম্যাচে তার বার্তা ছিল, মেসি আমি তোমাকে ভালোবাসি, বয়স তো কেবল একটি সংখ্যা।
ওয়ার্ম আপের সময় বিষয়টি মেসির নজরে এলে তিনি হেসে ওই শতবর্ষী ভক্তের দিকে হাত নেড়ে প্রতিক্রিয়া জানান। সেই মুহূর্তটিও ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
বিডি প্রতিদিন/আশিক