রাজধানীর ডেমরা এলাকায় চিপস ও চানাচুরের প্যাকেট তৈরির একটি প্যাকেজিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দুপুরে আমুলিয়া মডেল টাউনের ভেতরে এ ঘটনা ঘটে। এতে সুজন নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডেমরা স্টেশনসহ দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, আগুন নিয়ন্ত্রণে দুটি টিম কাজ করছে। আহত সুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেশিনের ঘর্ষণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। কারখানায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ডেমরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন জানান, আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/এআইএস