নোয়াখালী জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা উপলক্ষে নেতাকর্মীর অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা শহর মাইজদী প্রধান সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা দলের নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
শোভাযাত্রা শেষে মাইজদী জিলা স্কুলের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি এনবিএস রাসেল এবং সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহানসহ জেলা, উপজেলা ও পৌর কমিটির নেতারা।
বক্তারা বলেন, দীর্ঘদিন পর নতুন কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের কার্যক্রমে গতি ফিরে এসেছে। এতে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
সমাবেশে নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিডি প্রতিদিন/এমএস