জনগণের কাছে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে বলে জানালেন ঢাকা-২ আসনে সংসদ সদস্য আমানউল্লাহ আমান। তিনি বলেছেন, দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় জনগণের পাশে রয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) বিকালে কেরানীগঞ্জ ও তেঁতুলঝোড়া এলাকায় সড়ক কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
আমানউল্লাহ আমান বলেন, জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে। তাই জনগণের প্রত্যাশা পূরণে দল ও সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়ন, সুশাসন ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের মতামতকে গুরুত্ব দিয়েই বিএনপি ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করছে।
তিনি আরও বলেন, বৃষ্টিভেজা আবহাওয়ায় প্রধানমন্ত্রী তার সহধর্মিণীর মাথার ওপর নিজ হাত ছাতা ধরে হাঁটার দৃশ্যটি মানবিকতা, দায়িত্ববোধ ও ভালোবাসার অনন্য উদাহরণ। প্রধানমন্ত্রীর এই আচরণ শুধু পারিবারিক ভালোবাসার প্রকাশ নয়, বরং এটি দায়িত্বশীল নেতৃত্বের প্রতীক। যেভাবে তিনি তার স্ত্রীর মাথার ওপর ছাতা ধরে রেখেছেন, ঠিক একইভাবে তিনি দেশের জনগণের মাথার ওপরও আস্থার ছাতা হয়ে আছেন।
দলের চেয়ারপারসনের এই উপদেষ্টা আরও বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, এটি ধীরে ধীরে পুরো সমাজব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের কারণে পরিবার ভেঙে যাচ্ছে, তরুণ সমাজ বিপথগামী হচ্ছে এবং সামাজিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়ছে। ঢাকা-২ আসনে মাদকের বিরুদ্ধে টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরকে