সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর নীলফামারী-সৈয়দপুর রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
রবিবার দুপুর দেড়টার দিকে লাইনচ্যুত খুলনা মেইল উদ্ধার শেষে চলাচল পুনরায় শুরু হয়।
এর আগে সকাল সোয়া ৮টার দিকে খয়রাত নগর রেলস্টেশন এলাকায় রেললাইনের ওপর পড়ে থাকা গাছের ডালের কারণে খুলনা মেইল ট্রেন লাইনচ্যুত হয়। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে পার্বতীপুর থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার চেষ্টার পর দুপুর দেড়টার দিকে ট্রেনটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়।
নীলফামারী রেলস্টেশনের স্টেশন মাস্টার মিঠুন রায় জানান, দুর্ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গাছের ডাল রেললাইনের ওপর পড়ে থাকায় ইঞ্জিনের সামনের দুটি চাকা লাইনচ্যুত হয়েছিল। উদ্ধার কাজ শেষে রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
বিডি-প্রতিদিন/এমই