জামালপুরের সরিষাবাড়ীতে ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভার আয়োজন করেছে সরিষাবাড়ী ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন।
শনিবার সরিষাবাড়ী উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান উপলক্ষে জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীমের নেতৃত্বে শহরের আরামনগর বাজার থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমির সামনে এসে শেষ হয়।
পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সরিষাবাড়ী ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. মাসুদ রানা মাসুম সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম।
এছাড়া বক্তব্য দেন সরিষাবাড়ী পৌর বিএনপির সভাপতি এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন, সরিষাবাড়ী ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. সোহেল রানা এবং যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মিয়া হাসান আনিসুর রহমান খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি প্রকৌশলীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও পেশাগত উন্নয়নে অ্যাসোসিয়েশনের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
বিডি-প্রতিদিন/এমএল