ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেনের কাপলিং ভেঙে ইঞ্জিন বগি থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
সোমবার (১৫ জুন) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার মশাখালী এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে জংশনের স্টেশন সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি টাঙ্গাইলের ভুয়াপুরের উদ্দেশে যাচ্ছিল। মশাখালী এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রেনটির ইঞ্জিনের কাপলিং ভেঙে যায়। এতে ইঞ্জিনটি বগি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়।
আব্দুল্লাহ আল হারুন আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে একটি রিলিফ ইঞ্জিন পাঠানো হয়েছে। দ্রুত ট্রেনটি উদ্ধার করে ঢাকা-ময়মনসিংহ রুটে স্বাভাবিক ট্রেন চলাচল পুনরায় চালুর চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/এমএল