জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশনে আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে আশরাফুল ইসলাম (২৩) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে স্টেশনের উত্তর পাশে ১ নম্বর রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার শাহাগড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি রাজশাহীতে রাজমিস্ত্রির কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি আক্কেলপুর স্টেশনে যাত্রাবিরতি শেষে ধীরগতিতে ছেড়ে যাচ্ছিল। এ সময় প্ল্যাটফর্মের উত্তর পাশে রেললাইনের কাছে অবস্থান করছিলেন আশরাফুল। একপর্যায়ে তিনি ট্রেনের পেছনের একটি বগির নিচে চলে যান। মুহূর্তের মধ্যে ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
ঘটনার পর স্থানীয়রা রেলওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার কার্যক্রম শুরু করে।
সান্তাহার রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হবে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
বিডি প্রতিদিন/এনআরএইচ