উপকূলীয় চরাঞ্চলে পরিবেশ সুরক্ষা এবং ঝড়-জলোচ্ছ্বাসের ক্ষতি মোকাবিলায় নোয়াখালীর সুবর্ণচরে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সুবর্ণচর উপজেলা কৃষি অফিসের সভাকক্ষে ২০২৫-২০২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সরকারের পাঁচ বছরে ১৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের অংশ হিসেবে বর্ষা মৌসুমজুড়ে আগামী তিন মাস এই কর্মসূচি চলবে।
সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন, কৃষি অফিসের মাঠ কর্মকর্তা আবু তালেব এবং ছাত্রদল নেতা নুরুল আলম শামীম।
অনুষ্ঠানে কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সুবিধাভোগী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা উপকারভোগীদের মধ্যে জনপ্রতি পাঁচটি করে বিভিন্ন প্রজাতির গাছের চারা, তিন বস্তা গোবর সার এবং পাঁচটি বাঁশের খুঁটি বিতরণ করেন।
এ সময় উপকূলীয় এলাকায় পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে বেশি সংখ্যায় তালগাছের চারা রোপণের আহ্বান জানান স্থানীয় কৃষকরা।
বিডি-প্রতিদিন/এমএল