ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগ করেছেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে বিএনপির প্রার্থী ও দলটির সদস্য স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় ভোলার লালমোহন আব্দুল ওয়াব মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি। একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে এই আসন গঠিত। আসনটিতে মোট ভোটার তিন লাখ ৮৮ হাজার ৫৫০ জন। এ আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে ১১৯টি।
সকাল সাড়ে ৭টা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই কেন্দ্রে আসতে শুরু করেন ভোটাররা। বর্তমানে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা যায়, দেশের মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রে ভোটকক্ষ থাকবে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি। এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। এই নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী সংখ্যা ১ হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী ৮৩ জন (দলীয় ৬৩ জন এবং স্বতন্ত্র ২০ জন)। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি। তাদের প্রার্থী সংখ্যা ২৯১ জন। এই নির্বাচনে নিবন্ধিত ১০টি রাজনৈতিক দল কোনো প্রার্থী দেয়নি।
জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করেছে ইসি। এ কারণে এই আসনটি বাদে ২৯৯ সংসদীয় আসনে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
বিডি প্রতিদিন/কেএ