শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশের মধ্যদিয়ে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্ন পরিবেশে ভোট প্রদান করছেন ভোটাররা। অপরদিকে ভোট কেন্দ্রের বাইরে উৎসুক জনতা, ভোটার ও সমর্থকদের ভিড় লক্ষ্য করা গেছে চোখে পড়ার মতো।
জেলার রাণীনগর উপজেলার সরকারি মডেল পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে দেখা যায় এমন চিত্র। এদিকে একই স্থানে পুরুষ ও মহিলা ভোটকেন্দ্র পাশাপাশি হওয়ার ফলে ভোটাররা দীর্ঘ লাইন ধরে ভোট প্রদান করছেন সুন্দর ভাবে।
রাণীনগর পশ্চিম বালুভরা গ্রামের দুই যুবক রাকিব ও নিরব দাঁড়িয়ে রয়েছেন ভোট কেন্দ্রের সামনে তাদের সাথে কথা হলে তারা জানান, আমরা ভোট দিতে এসেছি, কিন্তু এখনো ভোট দেইনি। বাইরে দাঁড়িয়ে ভোটের পরিবেশ দেখছি অনেকদিন পর এমন উৎসব মুখর একটা পরিবেশ পেয়েছি।
তারা আরও জানান, এর আগে তো এভাবে শান্তিপূর্ণ ভোটের পরিবেশ পাইনি, আমরা ভোটার কিন্তু জাতীয় নির্বাচনের ভোট দিতে পারিনি এবার ভোট দেব। খুবই আনান্দ লাগছে, ভোট যে একটা উৎসব তা আজ নিজ চোখে দেখতেছি।
প্রায় তিন ঘণ্টা যাবৎ পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে আছের ৭০ বছর বয়সী ইছাকাহ আলী বলেন- আমরা ছোট বেলা থেকে দেখে আসছি ভোট আসলেই একটা মেলা লাগে। বিভিন্ন দোকান পাট বসে মানুষের ভিড় হয়। কিন্তু গত ১৫ বছর সেই পরিবেশ ছিল না, এবার সেই পরিবেশ ফিরে আসছে। আমার ছোটবেলার কথা মনে পড়ছে আজ। খুবই ভালো লাগছে আমার তাই ঘুরে ঘুরে বুড়ো বয়সে আনন্দ নিচ্ছি। আমরা চাই এমন ভোটের উৎসব বজায় থাক।
রানীনগর ২ নং ওয়ার্ডের দেলোয়ার নামে এক ভোটার জানান, গত ১৫ বছর ভোট দিতে পারিনি। আজ শান্তিপূর্ণভাবে ভোট দিলাম। ভোটের যে পরিবেশ ফিরে এসেছে এ কারণে আমরা আনন্দিত।
দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন পশ্চিম বালুভরা গ্রামের ১৮ বছর বয়সী নতুন ভোটার ইসরাত ভোট দিতে এসে নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন- জীবনে প্রথম ভোট কেন্দ্রে এসেছি, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আছি। খুবই ভালো লাগছে। জীবনের প্রথম জাতীয় নির্বাচন দিয়ে শুরু করলাম, ভোট কেন্দ্রে আসতে কোন প্রকার বাধা কিংবা বিড়ম্বনার স্বীকার হয়নি। আমরা নির্বিঘ্নে ভোট দিয়ে বাসায় যেতে পারবো ইনশাআল্লাহ।
নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ভোটারদের নির্ভয়ে ও স্বচ্ছন্দে ভোট প্রদানের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। নির্বাচন চলাকালে যে কোন গুজব, অপপ্রচার বা বিশৃঙ্খলা সৃষ্টির যে কোন অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বিডি-প্রতিদিন/তানিয়া